সরকারি সেবা খাতগুলোর মধ্যে পাসপোর্ট অফিসে ঘুষের হার সবচেয়ে বেশি বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক জরিপে উঠে এসেছে। পাসপোর্ট সেবা নিতে গিয়ে জাতীয় পর্যায়ে ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষের শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমণ্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’-এর ফলাফল প্রকাশ করা হয়। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ভৌগোলিক অবস্থানভেদে পাসপোর্ট সেবায় ঘুষের শিকার হওয়ার হার গ্রামাঞ্চলে ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ।
পাসপোর্ট অফিসের পর ঘুষের উচ্চ হারের তালিকায় রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ খাতে ঘুষের হার ৬৩ দশমিক ৫ শতাংশ বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও কৃষি সেবা খাতে ঘুষের হার ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ভূমি সেবায় ৪৭ দশমিক ৬ শতাংশ পাওয়া গেছে।
টিআইবির জরিপ অনুযায়ী, সার্বিকভাবে দেশের ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি সেবা খাতে ঘুষের শিকার হয়েছে। এর মধ্যে পাসপোর্ট সেবার পরিস্থিতিকে সবচেয়ে উদ্বেগজনক হিসেবে তুলে ধরা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন