যশোরের বেনাপোল স্থলবন্দরে কাগজপত্রবিহীন সরিষার খৈলবাহী একটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকটি থেকে পণ্য পাচারের অভিযোগে একটি বাংলাদেশি ট্রাক ও তার চালককে পুলিশের কাছে সোপর্দ করেছে বন্দর কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে ভারতীয় ট্রাকচালক পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় স্থলবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দরের ৩১ নম্বর ইয়ার্ড থেকে ভারতীয় ট্রাকটি জব্দ করে কাস্টমস। পরদিন শুক্রবার সন্ধ্যায় সংশ্লিষ্ট বাংলাদেশি ট্রাক ও তার চালককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, যশোরের ঝিকরগাছার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আরাফ এন্টারপ্রাইজের নামে সরিষার খৈল নিয়ে ভারতীয় ট্রাকটি গত ২৩ জুন রাত ৯টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।
পরে ২৫ জুন ট্রাকটি ৩৫ নম্বর শেডে পণ্য খালাসের জন্য যাওয়ার তথ্য দেখিয়ে সেখান থেকে বের হয়। অভিযোগ রয়েছে, ট্রাকে থাকা ৫০ বস্তা পণ্য বন্দরের ৩২ নম্বর ইয়ার্ডে একটি বাংলাদেশি ট্রাকে তুলে দেওয়া হয়।
এরপর বিকেল ৫টার দিকে বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভারতীয় ট্রাকটি ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করলে সেটি আটক করা হয়। বিষয়টি কাস্টমসকে জানানো হলে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার অটল গোস্বামীর উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি করা হয়।
তল্লাশির সময় ট্রাক থেকে ১৪০ বস্তা সরিষার খৈল ও ৫০টি খালি বস্তা জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পণ্য পাচারের সঙ্গে জড়িত চক্রটি সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে মেসার্স প্রত্যয় ইন্টারন্যাশনালের নাম ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। তবে প্রতিষ্ঠানটি অভিযোগ অস্বীকার করেছে।
ঘটনার বিষয়ে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন