ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নির্ভরশীলতার মানসিকতা পরিহার করে পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনার দাবি জানিয়েছেন জনতার দলের নেতারা।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘সীমান্তে ভারতীয় আগ্রাসন ও পানিসন্ত্রাস’ শীর্ষক আলোচনা সভায় তারা এ দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের দুর্বল ও নির্ভরশীল পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত, পানিবণ্টন ও সার্বভৌমত্বসংক্রান্ত বিভিন্ন সংকট এখনো রয়ে গেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তারা।
সীমান্তে কথিত অবৈধ পুশইন ও আগ্রাসন মোকাবিলায় নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালুর প্রস্তাব দেন বক্তারা। এ বিষয়ে সরকারের সহযোগিতা চাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করার দাবি জানান তারা।
সভাপতির বক্তব্যে জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল ফারাক্কা বাঁধ নির্মাণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ভারতের পানিনীতি নিয়ে সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, একতরফা পানি প্রত্যাহারের কারণে দেশের কৃষি, নদী ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গঙ্গা ও তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
দলের মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা আজম খান সীমান্তে কথিত আগ্রাসন ও অবৈধ পুশইনের সমালোচনা করেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ক্ষমা দাবি করেন।
দলের জ্যেষ্ঠ কৌশলগত ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দেশপ্রেম শুধু নাগরিকত্বের পরিচয়ে নয়, চিন্তা ও কাজে প্রতিফলিত হতে হবে।
নৈতিক কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম একটি শক্তিশালী ও আদর্শবান জাতি গঠনে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের মুখপাত্র ও সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) ডেল এইচ খান, যুগ্ম মহাসচিব মেজর (অব.) জাকির হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী, আইনজীবী ও বাংলাদেশ মঞ্চের উপদেষ্টা পারভীন সুলতানাসহ অন্যরা।
সভা শেষে মো. ফুয়াদ সাকীর নেতৃত্বে তিন শতাধিক নেতা-কর্মী জনতার দলে যোগ দিয়েছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন