ভোক্তা পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার রমনায় বিইআরসির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ নতুন মূল্য ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।
বিইআরসি জানায়, আরামকোর জুলাই মাসের সৌদি সিপির ভিত্তিতে এলপিজির নতুন দাম সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে অটো গ্যাসের দামও কমিয়ে প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তবে সরকারি এলপিজির দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, ৫.৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন সিলিন্ডারের নতুন দাম পুনর্নির্ধারণ করা হয়েছে, যা নির্ধারিত হারে বাজারে কার্যকর হবে।
এদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি টন প্রোপেন ৫৮০ মার্কিন ডলার এবং বিউটেন ৬০০ মার্কিন ডলারে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন