তীব্র সমালোচনার মুখে অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিতর্কিত পোস্টটি সরিয়ে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। জুলাই আন্দোলনকে অবমাননা করে দেওয়া ওই পোস্টটি নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
শনিবার (৪ জুলাই) তার ফেসবুক অ্যাকাউন্টে ওই পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি ।
এদিকে, এ ঘটনার পর জুলাই আন্দোলনকে অবমাননা, অপপ্রচার এবং আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় তিনজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগে মেহের আফরোজ শাওনের পাশাপাশি চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার নামও উল্লেখ করা হয়েছে।
‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে করা ওই জিডিতে বলা হয়, প্রায় ১,৪০০ শহীদ ও ৩০ হাজারের বেশি আহত মানুষের আত্মত্যাগের মাধ্যমে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
অভিযোগে আরও বলা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাতের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।
শাওনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং এ নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন।
মাহিয়া মাহির বিরুদ্ধেও অভিযোগে বলা হয়, তিনি আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করেছেন, যা নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি সাইবার সংশ্লিষ্ট হওয়ায় তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। তারা বিষয়টি যাচাই-বাছাই করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন