জুলাই অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য, অপপ্রচার, শহিদদের অবমাননা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, টেলিভিশন উপস্থাপক সোমা ইসলাম এবং মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রাষ্ট্র সংলাপ ফোরাম বা স্টেট ডায়ালগ ফোরামের (এসডিএফ) সদস্য মিল্লাত হোসেন (২১) গতকাল (৪ জুলাই) সংগঠনের পক্ষে এ জিডি দায়ের করেন।
জিডি দায়েরের সময় এসডিএফের সদস্য সচিব এএনএম আয়াস, সংগঠক তুহিন ফরাজী ও প্রধান সমন্বয়ক মুহাম্মদ শাহ আলম বাদশা উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়, শুক্রবার (৩ জুলাই) বিকেলে শাহবাগ থানাধীন হাদী চত্বর এলাকায় অবস্থানকালে এসডিএফ সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইবিরোধী বিভিন্ন অপপ্রচার দেখতে পান।
টেলিভিশন উপস্থাপক সোমা ইসলামকে প্রথম অভিযুক্ত হিসেবে উল্লেখ করে অভিযোগে বলা হয়, তিনি বিভিন্ন টকশোতে জুলাই অভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের সুযোগ তৈরি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়ানোর সঙ্গে যুক্ত ছিলেন।
আইনজীবী ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়াকে দ্বিতীয় অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ এবং আহতদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী এবং তার স্ত্রী শান্তা ফারজানার বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের কাছে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি শহিদ আবু সাঈদকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগও উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছেন এবং আহতদের অবমাননা করছেন।
পঞ্চম অভিযুক্ত মডেল মারিয়া কিসপট্টার বিরুদ্ধে জুলাই আন্দোলনের বিরোধিতা ও শেখ হাসিনাকে সমর্থনমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।
ষষ্ঠ অভিযুক্ত মডেল ও অভিনেত্রী শামীমা তুষ্টির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই মাসকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও শহিদদের বিষয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন