বরিশালে অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের ওপর মারধর করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এর আগে গত বৃহস্পতিবার ভুক্তভোগী আজিজ আদালতে নালিশি মামলা করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আব্দুল আজিজের কক্ষে চারজন যুবক প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু নামের একজন তাকে মারধর করেন বলে অভিযোগ। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে দুটি চেক ও একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
ঘটনার সময় আজিজ ‘বাচ্চু-বাচ্চু’ বলে একজনকে ডাকাডাকি করেন এবং পরে আরও একজন কক্ষে প্রবেশ করলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এরপর চেক ও স্ট্যাম্প হস্তান্তরের ছবি তোলা হয় বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আব্দুল আজিজ বলেন, লিটু একসময় প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন। পরে পাওনা-সংক্রান্ত বিরোধ থেকে ২৭ জুন সন্ধ্যায় তার কক্ষে ঢুকে তাকে মারধর করে জোরপূর্বক ৭০ লাখ টাকার চেক, একটি সাদা চেক ও দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
তিনি আরও জানান, ঘটনার পর তিনি ব্যাংকে অভিযোগ করেন, ফলে ওই চেকের টাকা উত্তোলন করা সম্ভব হয়নি। আদালত বৃহস্পতিবার নালিশি মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু দাবি করেন, ঘটনার দিন উপস্থিত ব্যক্তিরা প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন এবং আব্দুল আজিজের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম বলেন, ভুক্তভোগী মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন