কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কূটনৈতিক কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে সময়ের কথা উল্লেখ করেছেন—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আদালত একজন ব্যক্তিকে সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা কী বলছেন বা দেশে ফেরার বিষয়ে কী মন্তব্য করছেন, সেটি এই প্রক্রিয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রয়েছে। বন্দি বিনিময় চুক্তি এবং সংশ্লিষ্ট আইন ও প্রটোকল অনুযায়ী তাকে দেশে ফেরানোর বিষয়ে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ দেশে সংঘটিত দুর্নীতি, খুন ও গুমসহ বিভিন্ন অভিযোগের সুষ্ঠু ও স্বচ্ছ বিচার প্রত্যাশা করে। সেই প্রক্রিয়া বাংলাদেশের মাটিতেই সম্পন্ন হবে।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছিল এবং বর্তমানে তা চলমান রয়েছে। এ বিষয়ে কূটনৈতিক কোনো ঘাটতি নেই।
তিনি আরও বলেন, বিষয়টি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করছে।
শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারতের সহযোগিতা বা কোনো আইনি জটিলতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়গুলো আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন