বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেড থেকে নিখোঁজ থাকা ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (১৩ জুলাই) বিকেলে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে শেডের ভেতরে পুরোনো নিলামের মালামালের আড়াল থেকে প্যাকেজগুলো উদ্ধার করা হয়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ১২ মার্চ মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে একটি পণ্যচালান আমদানি করা হয়েছিল। আমদানি নথিতে বেকিং পাউডারের ঘোষণা থাকলেও কাস্টমসের কায়িক পরীক্ষায় ১০৮ প্যাকেজে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শিশুপোশাক, ফেসওয়াশ, ক্রিম ও লোশনসহ বিভিন্ন প্রসাধনী পাওয়া যায়।
পণ্যগুলো জব্দ করে বন্দরের ৩৭ নম্বর শেডে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে চালানটির ১৯টি প্যাকেজ পাওয়া যাচ্ছিল না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কাস্টমসের তথ্য অনুযায়ী, জব্দ করা চালানটির আমদানিকারক যশোরের সাফা ইমপেক্স এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল বেনাপোলের মেসার্স হুদা এন্টারপ্রাইজ।
কর্তৃপক্ষের দাবি, মিথ্যা ঘোষণার মাধ্যমে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আমদানি এবং প্রায় ২ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৫১৫ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছিল।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বলেন, উদ্ধার করা ১৯ প্যাকেজ আগের জব্দ করা চালানেরই অংশ। সেগুলো শেডের ভেতরে নিলামের পণ্যের নিচে চাপা পড়ে ছিল।
তিনি বলেন, এ ঘটনায় কারও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার তৌফিকুর রহমান বলেন, উদ্ধার করা পণ্য গণনা ও যাচাইয়ের কাজ চলছে। যাচাই শেষে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন