বাগেরহাটের ফকিরহাটে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানদার রাছেক শেখ ওরফে সাইজে (৬৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আটক করা হয়।
ভুক্তভোগী ও অভিযুক্ত উপজেলার সাতশৈয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ১৬ বছর বয়সী কিশোরী প্রেগন্যান্সি টেস্টে গর্ভবতী হওয়ার বিষয়টি শনাক্ত হয়। পরে স্থানীয় ডায়াগনিস্টিক সেন্টারে গাইনি বিশেষজ্ঞের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম করে বিষয়টি নিশ্চিত হয়। পরিবারের জিজ্ঞাসাবাদে কিশোরী অভিযুক্তের নাম প্রকাশ করে। পরে তার গর্ভপাত ঘটে এবং মানবভ্রূণটি পরিবারের কাছে সংরক্ষিত থাকে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী কিশোরী তার ছোট ভাইয়ের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। মাদ্রাসার পথে অভিযুক্ত রাছেক শেখের মুদি দোকানে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ভয়ভীতি দেখানোর কারণে কিশোরী এ বিষয়টি কাউকে জানাতে পারেনি।
ওসি জানান, ডিএনএ পরীক্ষা ও অন্যান্য তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের পর পুলিশ মামলা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন