গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বেলা ২টায় বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জোটটি।
জামায়াত সূত্র জানায়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে সমাবেশে এনসিপি, এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও এবি পার্টিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কর্মসূচি বাস্তবায়নে দলের বরিশাল বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সমাবেশ সফল করতে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।
সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে শুক্রবার হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এবং বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন