ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরে ইতোমধ্যে ১০০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট শেষ হতে বাকি আর চারটি ম্যাচ। দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সাবেক চার চ্যাম্পিয়ন-আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন।
তবে দুই সেমিফাইনালের টিকিটের দামে বড় পার্থক্য দেখা গেছে। একটি ম্যাচের টিকিটের দাম অন্যটির তুলনায় প্রায় দ্বিগুণ।
ডালাসে মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। টিকিটের মূল্য পর্যবেক্ষণকারী সেবা ‘টিকিটডেটা ডটকম’-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার রাত ১০টায় এই ম্যাচের টিকিটের দাম ছিল ১ হাজার ৩২৫ মার্কিন ডলার। গত তিন দিনে দাম ২৬ শতাংশ কমেছে।
অন্যদিকে বুধবার আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টায় আর্জেন্টিনার বড় সমর্থকগোষ্ঠী থাকায় এই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা বেশি।
মেজর লিগ সকারের দল আটলান্টা ইউনাইটেড এফসিরও বড় আর্জেন্টাইন সমর্থকগোষ্ঠী রয়েছে। আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ জেরার্ডো মার্টিনো গত নভেম্বরে ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন।
শুরুতে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম ছিল ২ হাজার ৮৪১ ডলার। ডায়নামিক প্রাইসিংয়ের কারণে গত তিন দিনে তা ৩৪ শতাংশ বেড়েছে। শনিবার দাম সর্বোচ্চ ২ হাজার ৯৬৬ ডলারে উঠলেও পরদিন সকালে কমে ২ হাজার ৫৩৭ ডলারে দাঁড়ায়।
দ্বিতীয় সেমিফাইনালের টিকিটের দাম তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের তুলনায়ও অনেক বেশি। আগামী শনিবার মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের দাম ১ হাজার ৫৪৩ ডলার।
আগামী রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। বর্তমানে ফাইনালের প্রতিটি টিকিটের দাম ৬ হাজার ৭৬০ ডলার। গত ৭২ ঘণ্টায় এ দাম প্রায় ৬ শতাংশ কমেছে।
গত বছরের অক্টোবরে ফাইনালের আগাম টিকিটের দাম সর্বোচ্চ ১৩ হাজার ৬৫০ ডলারে উঠেছিল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন