রাজধানীর জনবহুল ও ব্যস্ত এলাকা মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে প্রাণঘাতী বিস্ফোরক উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২৫ জুলাই) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। গত ২৪ জুলাই রাতে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
গোলাম পরওয়ার বলেন, এ ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। তার দাবি, এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সংকটের দিকে ঠেলে দেওয়া।
তিনি বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো চক্রান্ত ও অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ ও তৎপর থাকতে হবে। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব।
মেট্রোরেল স্টেশনসহ দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার দাবি জানান জামায়াতের এই নেতা।
বোমা নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি সমবেদনা জানিয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তিনি।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জীবন ও সম্পদ রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যেকোনো উসকানি ও নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান গোলাম পরওয়ার।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন