টানা ১৩ দিন হামলা চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান।
রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত দুই রাতে ইরানে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলক হামলা স্থগিত রাখার কথা জানিয়েছে ইরান।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আকরামিনিয়া বলেন, ‘দুই রাত আগেও হামলা অব্যাহত ছিল। গত রাতে আমেরিকানরা হামলা বন্ধ করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা মূলত মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছিলাম। যেহেতু মার্কিন পক্ষ হামলা বন্ধ করেছে, আমরাও পাল্টা হামলার অভিযান স্থগিত করেছি।’
এদিকে, সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর চাপ বেড়েছে। প্যাট্রিয়টসহ আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত বিভিন্ন ক্ষেপণাস্ত্রের মজুদও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করা হয়েছে।
এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখলে ঝুঁকি বাড়তে পারে বলে মত দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, শুক্রবার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর তিনি সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দেন।
তবে হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত কত দিন কার্যকর থাকবে, সে বিষয়ে ট্রাম্প এখনো কিছু জানাননি। ফলে সামরিক অভিযান পুনরায় শুরু হবে কি না, তা অনিশ্চিত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন