জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান এবং বিভিন্ন দিবস উদ্যাপনের সময় রাতে লাউডস্পিকার ও আতশবাজি ব্যবহারে সৃষ্ট শব্দদূষণ, জনউপদ্রব ও সমর্থক গোষ্ঠীগুলোর সংঘর্ষ প্রতিরোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে জুয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আট আইনজীবীর করা জনস্বার্থের রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২৬ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
স্বরাষ্ট্রসচিব, যুব ও ক্রীড়াসচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারী আইনজীবীরা হলেন মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. মহিউদ্দিন, ইয়াসিন আলফাজ, সাইফুল্লাহ খালেদ, মোহাম্মদ ওয়াহিদুল আলম, মো. রায়হান সোবহান, মো. আবু দাউদ নিজাম ও শেখ শরিফ উদ্দিন ফিরোজ।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমী ও ইউনুস আলী রবি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন