জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডে প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবং দুই সাংবাদিক আনিস আলমগীর ও সোমা ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগপত্র জমা দেন রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস।
পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্রে দাবি করা হয়, জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের উসকানি, সমর্থন এবং প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন ছিল।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শামীম আরা নিপা, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, সোমা ইসলাম ও আনিস আলমগীর।
অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস বলেন, গণ-অভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে উসকানি দিয়েছেন বলে তাদের অভিযোগ।
তিনি আরও দাবি করেন, গণ-অভ্যুত্থানের পরও অভিযুক্ত ব্যক্তিদের কেউ কেউ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের কটাক্ষ করে উসকানিমূলক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযোগগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্ত নিশ্চিত করার দাবি জানান আল নূর মোহাম্মদ আয়াস।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন