বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার (২৬ জুলাই) ঢাকার নভোথিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বেয়ার (BEAR) সামিট ২০২৬’-এর দ্বিতীয় দিনে ‘বাংলাদেশ ডিপ-টেক ফিউচার’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত চিপ ডিজাইন, বায়ো-ইলেকট্রনিকসসহ বিভিন্ন উচ্চপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ চলছে। বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, প্রযুক্তি উদ্ভাবন ও উৎপাদনকারী দেশ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করবে।
প্রযুক্তিপণ্য ও প্রযুক্তিসেবা উদ্ভাবন এবং রপ্তানিতে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ফকির মাহবুব আনাম বলেন, সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। দেশের তরুণরা এ খাতের নেতৃত্ব দিতে সক্ষম। গবেষণা, উদ্ভাবন ও নীতিগত সহায়তার মাধ্যমে সরকার তাদের পাশে থাকবে।
অনুষ্ঠানের বৈশ্বিক একাডেমিক প্লেনারি অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পারড্যু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রি পেরুলিস।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, পারড্যু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিলিকন রিভার বাংলাদেশের প্রধান স্থপতি মোহাম্মদ মোস্তফা হোসাইন এবং নভোথিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন