ঈদে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বল নির্মিত চলচ্চিত্র ‘বনলতা সেন’। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতাকে উপজীব্য করে নির্মিত ছবিটি নিয়ে আলোচনা চলছে দর্শকমহলে। সেই আলোচনায় এবার যুক্ত হলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
সোমবার ‘বনলতা সেন’ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন স্পর্শিয়া। তার ভাষায়, “সব গান সবার জন্য নয়, সব চলচ্চিত্র সবার জন্য নয়। ‘বনলতা সেন’ আমার মতো অনেকের যেমন ভালো লাগবে, অনেকের লাগবে না। কিন্তু ইতিহাসের পাতায় থাকবে ছবিটি।”
দীর্ঘ প্রতিক্রিয়ায় স্পর্শিয়া জানান, তিনি গত পরশু ছবিটি দেখেছেন। নামভূমিকায় অভিনয় করা নাবিলার প্রশংসা করে তিনি লেখেন, “পরিচালক এবং আমাদের কল্পনা ও কৌতূহলের বনলতার সঙ্গে নাবিলা পুরোপুরি মানিয়েছে। হোয়াট আ ক্ল্যাসিক বিউটি শি ইজ!”
সোহেল মণ্ডলের অভিনয় নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন স্পর্শিয়া। জীবনানন্দ দাশের আরেক বিখ্যাত কবিতার পঙ্ক্তি-‘মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে’—উদ্ধৃত করে তিনি বলেন, সোহেল মণ্ডল বাংলাদেশের সম্পদ। বিশেষ করে ছবির শেষের দৃশ্যগুলোতে নিজের কৈশোরের মন খুঁজে পাওয়ার অনুভূতির কথা জানান তিনি।
ছবির নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতিও ভালোবাসা প্রকাশ করেন স্পর্শিয়া। তিনি জানান, চলচ্চিত্র সমালোচক হিসেবে নয়, একজন দর্শক হিসেবেই নিজের অনুভূতি জানিয়েছেন।
সবশেষে জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করা খায়রুল বাশারকে নিয়ে স্পর্শিয়া লেখেন, জীবনানন্দের কবিতার ভেতর দিয়ে নিজেকে হারিয়ে ফেলা, জীবনকে খুঁজে পাওয়া এবং আবেগ-অনুভূতি আবিষ্কারের অভিজ্ঞতা তার কাছে বিশেষ। তার মতে, এই সময়ে জীবনানন্দ দাশকে ধারণ করে দর্শকের সামনে উপস্থাপন করতে পারলে, তা খায়রুল বাশারই পারেন।
স্পর্শিয়া আরও লেখেন, বাশারের কণ্ঠ, চোখের চাহনি, ঠোঁটের কোণে পরিমিত হাসি, ব্যক্তিজীবনে সাহিত্যচর্চা, স্বচ্ছতা ও আন্তরিক মন-সব মিলিয়ে তিনি বরাবরই একজন দুর্দান্ত পারফর্মার। ভবিষ্যতে তাকে আরও বেশি কাজে লাগানো হবে বলেও আশা প্রকাশ করেন অভিনেত্রী।
বর্তমানে ‘বনলতা সেন’ দেশের চার মাল্টিপ্লেক্স-স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন