ব্রিটেনের স্থানীয় নির্বাচনে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৭ মে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে কাউন্সিলর পদে প্রায় তিন শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন বলে জানা গেছে।
লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটসহ বড় রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের পাশাপাশি অনেক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী স্বতন্ত্র হিসেবেও নির্বাচনে অংশ নিচ্ছেন। কাউন্সিলর পদের পাশাপাশি বিভিন্ন এলাকায় মেয়র পদেও লড়ছেন একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।
ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে ব্রিটেনের বিভিন্ন এলাকা থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিজয়ী হতে পারেন। এর মধ্যে রাজধানীর পূর্ব লন্ডনেই মেয়র ও কাউন্সিলর পদে প্রায় শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০২৬ সালে ১৩৬টি লোকাল কাউন্সিল এলাকায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে লন্ডনের বিভিন্ন মেট্রোপলিটন কাউন্সিল, কাউন্টি জেলা এবং ইউনিটারি কাউন্সিল। এসব কাউন্সিলের ৫ হাজার ৬৬টি আসনে প্রায় ২৫ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পূর্ব লন্ডনের চারটি বরোর ৮৫টি ওয়ার্ডে ২২৫টি কাউন্সিলর আসনের বিপরীতে প্রায় ১ হাজার প্রার্থী লড়ছেন। তাদের মধ্যে ১০০ জনের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত। সবচেয়ে বেশি বাংলাদেশি প্রার্থী রয়েছেন টাওয়ার হ্যামলেটসে। এরপর রয়েছে নিউহাম, রেডব্রিজ এবং বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বরাবরের মতো এবারও বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের শক্ত অবস্থান রয়েছে। এখানকার ২০টি ওয়ার্ডের ৪৫টি আসনের বিপরীতে লড়ছেন ১২১ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। বর্তমান নির্বাহী মেয়র লুৎফুর রহমানও বাংলাদেশি বংশোদ্ভূত।
এবারের নির্বাচনে স্থানীয় দল এসপায়ার পার্টি ও টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্ট সবচেয়ে বেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। লেবার পার্টি থেকেও মেয়র পদে সিরাজুল ইসলামসহ কাউন্সিলর পদে ২৫ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক মা ও ছেলে। পূর্ব লন্ডনের দুই ভিন্ন এলাকা থেকে কাউন্সিলর পদে লড়ছেন তারা। মা রেবেকা সুলতানা বেথনাল গ্রিন ইস্ট থেকে এবং ছেলে হামিম চৌধুরী ব্রোমলি নর্থ থেকে প্রার্থী হয়েছেন।
এ ছাড়া বার্মিংহাম, লুটন, ম্যানচেস্টার, লিডস, ব্রাডফোর্ড, ওল্ডহ্যাম ও নিউক্যাসলসহ ব্রিটেনের বিভিন্ন শহরেও বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বার্মিংহামের লজেলস এলাকায় ২১ বছর বয়সী নুফায়েজ রায়হান বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে লড়ছেন।
আগামী বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত তিন বছরের মধ্যে এটিকে ব্রিটেনের অন্যতম বড় স্থানীয় নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় পর্যায়ের এই নির্বাচনের ফলাফল ব্রিটেনের জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন