ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খানের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অনিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।
সময়মতো অফিসে না আসা, অনুমতি ছাড়া দফতর ত্যাগ এবং দীর্ঘ সময় অফিসে অনুপস্থিত থাকার কারণে পৌরসভার সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে জানা যায়, পারিবারিক কারণ দেখিয়ে ৪ মে ২০২৬ থেকে পৌর প্রশাসকের কাছে লিখিত ছুটির আবেদন করেছেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খান। তবে অভিযোগ রয়েছে, তিনি ২৯ এপ্রিল বুধবার থেকেই নবীনগর পৌরসভায় অনুপস্থিত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনুপস্থিত থাকলেও পৌরসভার বিভিন্ন কাগজপত্রে আগাম স্বাক্ষর করে রেখেছেন তিনি। এতে দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা ও নিয়মশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, পৌর নির্বাহী কর্মকর্তার অনিয়মিত উপস্থিতির প্রভাব পড়েছে পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের ওপরও। অনেকেই নির্ধারিত সময়ে অফিসে আসছেন না। কেউ দেরিতে আসছেন, কেউ আবার দায়িত্ব পালন শেষ না করেই আগেভাগে দফতর ত্যাগ করছেন।
এতে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন জরুরি সেবা নিতে আসা সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই সেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, অনেক কর্মকর্তা-কর্মচারীর আচরণে কোনো পরিবর্তন আসেনি। বরং তারা প্রকাশ্যেই গণকর্মচারী শৃঙ্খলা ও নিয়মিত উপস্থিতি সংক্রান্ত বিধি অমান্য করছেন।
এ বিষয়ে জানতে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খানকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাহামুদুল হাসান বলেন, পৌর নির্বাহী কর্মকর্তা ছুটিতে আছেন। সরকারি বিধি অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারীর নিয়মিত অফিস করা প্রয়োজন। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন