পুলিশের বর্তমান পোশাক ও লোগো পরিবর্তন করে আগের আদলে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার দুপুরে সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি জানান, পুলিশের বর্তমান পোশাক অনেকের কাছেই মানানসই মনে হচ্ছে না। তাই বাহিনীর সদস্যদের মধ্যে নতুন উদ্যম ফিরিয়ে আনা এবং জনবান্ধব ভাবমূর্তি তৈরির লক্ষ্যে আগের খাকি রঙের প্যান্টসহ পোশাকের পুরনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্যাম্পের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যৌথ অভিযান পরিচালনার পদ্ধতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
এ সময় ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক আসামির জামিন পাওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামিন দেওয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার। বিচারিক প্রক্রিয়ায় আদালত কাকে জামিন দেবেন বা দেবেন না, তা আইনের বিষয়। তবে জামিন পেলেও কোনো অপরাধী পার পাবে না বলেও জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন