পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। বিভিন্ন আসনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও সামগ্রিক হিসাবে এগিয়ে আছে পদ্ম শিবির।
বাংলাদেশ সময় বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে দেখা যায়, ২৯৪ আসনের মধ্যে বিজেপি ১৮৩টিতে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০২টি আসনে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। দুপুরের মধ্যেই রাজ্যের ক্ষমতার চূড়ান্ত চিত্র অনেকটা স্পষ্ট হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠানবিরোধী মনোভাবকে নির্বাচনী কৌশলের বড় হাতিয়ার করেছে বিজেপি। বিশেষ করে আরজি করের ঘটনা এবং কসবা ল কলেজের মতো নারী নির্যাতন-সংক্রান্ত ঘটনাগুলো শাসক দলের ওপর রাজনৈতিক চাপ তৈরি করেছে।
অন্যদিকে দীর্ঘ শাসনকাল শেষে তৃণমূলের বড় ভরসা তাদের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি এবং জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্পগুলো। গ্রামীণ বাংলায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের প্রভাব এবং সংখ্যালঘু ভোটব্যাংকের সংহতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
এখন মূল প্রশ্ন-মমতা বন্দ্যোপাধ্যায় কি তার দীর্ঘ রাজনৈতিক আধিপত্য ধরে রাখতে পারবেন, নাকি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে নতুন সরকার।
সূত্র: আনন্দবাজার, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন