ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নিরঙ্কুশ জয়ের পর রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভোটের ফলাফল স্পষ্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতাসহ বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপির কর্মী-সমর্থকেরা পরিকল্পিতভাবে সহিংসতা শুরু করেছে। তবে বিজেপি নেতৃত্ব এসব ঘটনার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে। তাদের দাবি, ঘটনাগুলো রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কোচবিহার, হাওড়া ও মুর্শিদাবাদসহ কয়েকটি জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। কলকাতার রুবি ক্রসিং এলাকায় তৃণমূলের একটি কার্যালয়ে ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একদল লোক হাতে বিজেপির পতাকা নিয়ে তৃণমূল কার্যালয়ে হামলা চালাচ্ছে এবং আসবাবপত্র ভাঙচুর করছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের দাবি, নির্বাচনে তাদের আসন কমে যাওয়ার সুযোগ নিয়ে বিজেপি সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। বিশেষ করে যেসব এলাকায় বিজেপি বড় ব্যবধানে জয়ী হয়েছে, সেখানে তৃণমূল কর্মীদের ওপর হামলার খবর পাওয়া যাচ্ছে বলে দলটির অভিযোগ।
তৃণমূলের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, সোমবার রাতের মধ্যে বহু জায়গায় তাদের দলীয় সাইনবোর্ড ও পতাকায় আগুন দেওয়া হয়েছে। এই পরিস্থিতির জন্য তারা কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা এবং বিজেপির উসকানিমূলক স্লোগানকে দায়ী করেছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ২০৬টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিপরীতে তৃণমূল কংগ্রেস ৮১টি আসনে জয়ী হয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজ আসনে পরাজিত হয়েছেন।
এই রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের রাজনৈতিক সংঘাত এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন