ইরানের সঙ্গে চলমান যুদ্ধাবসান ও উত্তেজনা প্রশমনের লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরানের উচ্চপর্যায়ের প্রথম দফার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। টানা প্রায় ২১ ঘণ্টার বৈঠকের পরও দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে অগ্রগতি না হওয়ায় সমঝোতা হয়নি বলে আন্তর্জাতিক
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এ প্রেক্ষাপটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উভয় পক্ষকে যুদ্ধবিরতির প্রতি তাদের অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসহাক দার আশা প্রকাশ করেন, ইরান ও যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব নিয়ে সংলাপ চালিয়ে যাবে, যাতে পুরো অঞ্চল এবং বিশ্বে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতেও পাকিস্তান দুই দেশের মধ্যে সংলাপ ও যোগাযোগ সহজতর করতে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে উভয় পক্ষ স্বীকৃতি দিয়েছে। পাকিস্তান আশা করছে, আলোচনা অব্যাহত থাকলে স্থায়ী শান্তির পথ আরও সুগম হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন