সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালনের মধ্য দিয়ে বান্দরবানে চার দিনব্যাপী বর্ষবরণ উৎসব শুরু করেছে চাকমা ও তঞ্চঙ্গ্যা জনজাতি।
রোববার সকালে বান্দরবান শহরের সাঙ্গু নদীর উজানীপাড়া ঘাটে চাকমা ও তঞ্চঙ্গ্যা জনজাতির শিশু-কিশোর, যুবক-যুবতীরা নদীর জলে কলাপাতায় সাজানো নানা রঙের ফুল ভাসিয়ে বিদায়ী বছরের গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানান।
চাকমা ও তঞ্চঙ্গ্যাদের বিশ্বাস, নদীর জলে গঙ্গা দেবীর বাস। সেই দেবীর উদ্দেশে ফুল অর্পণের মাধ্যমে পুরোনো বছরকে বিদায় জানালে নতুন বছর মানুষের জন্য কল্যাণময় হয়ে ওঠে।
গঙ্গা দেবীর পূজা শেষে ঘরে ঘরে বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী ‘পাজন’ রান্না করা হয়।
এদিকে, বান্দরবানের মারমা জনজাতি সোমবার (১৩ এপ্রিল) মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় জানানোর কর্মসূচি শুরু করবে।
উৎসব উদযাপন কমিটির আয়োজনে সোমবার সকালে রাজবাড়ি মাঠ থেকে একটি এবং উৎসব উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় উজানীপাড়া বিসিক মোড় থেকে আরেকটি মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে পবিত্র বুদ্ধমূর্তি স্নান।
মারমাদের সাংগ্রাইং উৎসবের অন্যতম আকর্ষণীয় পর্ব ‘মৈত্রী পানি বর্ষণ’ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ এপ্রিল দুপুর থেকে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন