আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী হয়েছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনে মো. মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট আবদুর রহমান আফজাল এবং কুমিল্লা সিটি করপোরেশনে তারিকুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি কোনো দলের সঙ্গে জোটে যাচ্ছে না; দলটি এককভাবেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটিকে তিনি দলের রাজনৈতিক ও সাংগঠনিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।
এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, ছয় মাসের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচন সম্পন্ন করা, নতুন করে জেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগ না দেওয়া, প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া ব্যক্তিদের সংশ্লিষ্ট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে না দেওয়া, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা এবং জনকল্যাণমুখী নির্বাচনী ইশতেহার নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন