গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট থাকায়ই গণভোটের আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেসব ইস্যুতে জনগণ কী চায়, তা জানতেই গণভোটে যাওয়া হয়েছে। এনসিপির আগের অবস্থানেও গণভোটের রায় হলে নোট অব ডিসেন্ট কার্যকর থাকবে না - এমন শর্তের কথা উল্লেখ করা হয়েছিল।
যুগান্তরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সারোয়ার তুষার বলেন, রাজনৈতিক দলগুলো চাইলে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষর করে বিষয়গুলো ভবিষ্যৎ সরকারের ওপর ছেড়ে দিতে পারত। কিন্তু কিছু মৌলিক প্রশ্নে মতভেদ থাকায় শেষ পর্যন্ত সেসব বিষয়ে জনগণের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, এখন যেহেতু জনগণ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, তাই ওইসব প্রশ্নে আর দলীয় ইশতেহার বা নোট অব ডিসেন্ট প্রাধান্য পাবে না। তাঁর ভাষায়, গণভোটের রায়ই এ ক্ষেত্রে কার্যকর হবে।
সারোয়ার তুষার আরও বলেন, নোট অব ডিসেন্টের অর্থ হচ্ছে- দ্বিমত থাকা সত্ত্বেও প্রক্রিয়াটি এগিয়ে নিতে সম্মতি দেওয়া। তাঁর মতে, যেসব বিষয়ে দ্বিমত ছিল, সেগুলো নিয়ে ভবিষ্যতে জটিলতা এড়াতেই গণভোটের আয়োজন করা হয়েছে। জনগণ যখন মতামত দিয়ে দিয়েছে, তখন সেটিই প্রাধান্য পাওয়াই স্বাভাবিক।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন