দেশে হামের সংক্রমণ মোকাবিলায় দ্রুত ভ্যাকসিন সংগ্রহে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ লক্ষ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) খাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং টিকা কেনার প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন কেনার প্রস্তাব পারচেজ কমিটির অনুমোদন পেয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স কমিটিতেও তা পাস হয়েছে। টিকা দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জনগণকে দ্রুত টিকাদানের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। একই সঙ্গে সরকার পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, দেশে বর্তমানে হামের তীব্র সংক্রমণ চলছে। এই পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর, আইসিইউ ইউনিট, আলাদা ওয়ার্ড ও আইসোলেশন সুবিধা বাড়ানো হয়েছে। মানিকগঞ্জে আট শয্যার আইসিইউ ইউনিট চালু করা হয়েছে এবং রাজশাহীতে অতিরিক্ত ভেন্টিলেটর পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
হামের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, ২০১৮ সালের পর নিয়মিত ক্যাম্পেইন না হওয়ায় অনেক শিশু টিকার বাইরে থেকে গেছে। ফলে যেসব শিশু টিকা পায়নি বা নতুন করে টিকাদানের আওতায় আসেনি, তাদের মধ্যেই এখন সংক্রমণ বেশি ছড়াচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় জুনের প্রথম সপ্তাহ থেকে প্রায় দুই কোটি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন