এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক সাড়া ধরে রেখেছে। একঝাঁক পরিচিত মুখ ও চমৎকার গল্পের সমন্বয়ে নির্মিত এ সিনেমার সন্তোষজনক আয়ই এর সাফল্যের বড় প্রমাণ হয়ে উঠেছে।
বাংলাদেশ মুভি রেটিং (বিএমআর)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনেও সিনেমাটি আয় ধরে রেখেছে। ওইদিন সিনেমাটি আয় করেছে ২২ লাখ ৩৩ হাজার টাকা। ফলে ছয় দিন শেষে মাল্টিপ্লেক্স থেকে এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১ কোটি ৪৪ লাখ টাকা।
ষষ্ঠ দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট ২৯টি শো প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ২৫টি শোই ছিল হাউসফুল। এতে স্পষ্ট, সিনেমাটি এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। মুক্তির প্রথম দিন থেকেই এর আয়ের ধারাবাহিকতা বজায় রয়েছে।
প্রথম দিনে ১৮ লাখ ৫৪ হাজার টাকা আয় দিয়ে যাত্রা শুরু করে সিনেমাটি। দ্বিতীয় দিনে আয় করে ২২ লাখ ২৬ হাজার টাকা এবং তৃতীয় দিনে ২৮ লাখ ৮৯ হাজার টাকা। এরপর চতুর্থ দিনে ২৮ লাখ ১৮ হাজার টাকা এবং পঞ্চম দিনে ২৪ লাখ ৩৫ হাজার টাকা সংগ্রহ করে বক্স অফিসে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেয়।
নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এ গল্পের পরতে পরতে যাত্রীদের জীবনের নানা বৈচিত্র্যময় দিক তুলে ধরা হয়েছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক জনপ্রিয় তারকা। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার কারণে ‘বনলতা এক্সপ্রেস’ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
দর্শকদের মতে, অ্যাকশন ঘরানার বাইরেও রুচিশীল ও বৈচিত্র্যময় সিনেমার প্রয়োজন রয়েছে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে। আর সেই প্রয়োজনীয়তারই একটি প্রমাণ হয়ে উঠেছে ‘বনলতা এক্সপ্রেস’।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন