চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে সাতটি স্থলমাইন নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম। শনিবার (২৮ মার্চ) দুপুরে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্যরা বিকট বিস্ফোরণের মাধ্যমে মাইনগুলো নিষ্ক্রিয় করেন। এ সময় ঘটনাস্থলে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
মাইন নিষ্ক্রিয়কালে বাংলাদেশ সেনাবাহিনী চুয়াডাঙ্গা ক্যাম্পের (৩৬ এডি) ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এসব স্থলমাইন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী মাখালডাঙ্গা গ্রামের বিভিন্ন স্থানে পুঁতে রেখে থাকতে পারে। স্থানীয় মুক্তিযোদ্ধা ও বাসিন্দারাও একই ধরনের ধারণার কথা জানিয়েছেন। তবে মাইনগুলোর প্রকৃত উৎস সম্পর্কে আনুষ্ঠানিক কারিগরি বিশ্লেষণের তথ্য প্রকাশ করা হয়নি।
সদর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে জমি চাষের সময় স্থানীয় কৃষকেরা ল্যান্ডমাইন-সদৃশ বস্তু দেখতে পান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলোকে স্থলমাইন হিসেবে শনাক্ত করে নিরাপত্তা ব্যবস্থা নেয়। এরপর প্রায় এক মাস সেগুলো পুলিশ প্রহরায় রাখার পর শনিবার সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন