ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় ২২ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দাখিল করা চার্জশিট গ্রহণ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।
পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে রয়েছেন— মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির, আব্দুস সামাদ, সাকিব রায়হান, ইয়াছিন আলী, ইয়ামুজ্জামান (ইয়াম), ফজলে রাব্বি, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান, রাতুল হাসান, সুলতান মিয়া, নাসির উদ্দিন, মোবাশ্বের বিল্লাহ, শিশির আহমেদ, মহসিন উদ্দিন (শাফি), আব্দুল্লাহিল কাফী, শেখ রমজান আলী রকি, রাশেদ কামাল অনিক, মনিরুজ্জামান সোহাগ, আবু রায়হান, রেদোয়ানুর রহমান পারভেজ, রাব্বিকুল রিয়াদ ও আশরাফ আলী মুন্সী।
মামলার অন্য আসামিদের মধ্যে আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ এবং ওয়াজিবুল আলম বর্তমানে জামিনে রয়েছেন। এছাড়া মো. জালাল মিয়া, আল হোসাইন সাজ্জাদ, মো. মোত্তাকিন সাকিন শাহ এবং সুমন মিয়া কারাগারে আছেন।
মামলার বাদী মোহাম্মদ আমানুল্লাহ চার্জশিটের বিরুদ্ধে নারাজি দেওয়ার কথা জানালেও মঙ্গলবার আদালতে তা দাখিল করেননি। ফলে আদালত মামলার ২৮ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন এবং পলাতক থাকায় ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ঘটনাটি ঘটে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে। ওই দিন সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে তোফাজ্জল হোসেনকে কয়েকজন শিক্ষার্থী আটক করেন। পরে তাকে হলের বিভিন্ন কক্ষে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে বেধড়ক পিটুনিতে তিনি অচেতন হয়ে পড়েন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।
পরদিন ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় এ ঘটনায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে গত বছরের ৩০ ডিসেম্বর পুলিশ অভিযোগপত্র দাখিল করে। পরে আদালতের নির্দেশে পিবিআই পুনরায় তদন্ত করে আরও সাতজনকে যুক্ত করে মোট ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়।
নিহত তোফাজ্জল হোসেনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। বরিশাল বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স শেষ করলেও মানসিক সমস্যার কারণে তিনি কোনো পেশায় যুক্ত ছিলেন না বলে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন