খুলনা মহানগরীর দৌলতপুরে ফজরের নামাজ আদায়ের সময় একটি মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপরজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (১৪ জুন) ভোর ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের বিএল কলেজ রোডে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎ জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বারের ছেলে লোকমান হাকিম (৫৫) এবং একই এলাকার যমুনা রোডের মৃত আব্দুল খালেকের ছেলে আলম শেখ (৫৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, লোকমান হাকিম ও আলম শেখ অন্য মুসল্লিদের সঙ্গে মসজিদে ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে।
গুলিবিদ্ধ হয়ে তারা মসজিদের মেঝেতে পড়ে যান। ঘটনার পর হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।
আলম শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থাও গুরুতর বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নামাজের সময় মসজিদের ভেতরে গুলির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে একাধিক দল কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন