ক্ষমতার হাতবদল হলেও দেশের শাসনব্যবস্থার গুণগত পরিবর্তন হয় না এবং সাধারণ মানুষের ভাগ্য অপরিবর্তিত থাকে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার’ শীর্ষক নাগরিক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি ও শাসনব্যবস্থার সমালোচনা করে বদিউল আলম মজুমদার বলেন, “রাজা আসে, রাজা যায়; কিন্তু দিন বদলায় না। জনগণের অবস্থা একই থাকে।”
তিনি বলেন, যারা শাসনক্ষমতায় আসেন, তারা অনেক সময় পুরোনো শোষণের কাঠামো ও পুরোনো পথ ধরেই ক্ষমতায় বসেন। ফলে জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসে না।
শাসনকাঠামোর মৌলিক পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে সুজন সম্পাদক বলেন, দীর্ঘদিন ধরে যে রাষ্ট্রীয় কাঠামো টিকে আছে, সেটি পরিবর্তনে ক্ষমতাসীনদের মধ্যে এক ধরনের অনীহা দেখা যায়। অথচ সাধারণ মানুষের জীবনযাত্রার প্রকৃত পরিবর্তনের জন্য শাসনকাঠামোর মৌলিক ও কাঠামোগত সংস্কার জরুরি।
বর্তমান নির্বাচন ব্যবস্থা ও সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়েও প্রশ্ন তোলেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, বারবার যে সংবিধানের দোহাই দেওয়া হয়, সেই সংবিধানের ধারা অনুযায়ী এই নির্বাচনও হওয়ার কথা ছিল না এবং এভাবে সরকার গঠনও সম্ভব ছিল না।
তিনি আরও বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত। জনগণ গণভোটের মাধ্যমে যে মতামত দিয়েছে, রাষ্ট্র পরিচালনায় তা অক্ষরে অক্ষরে পালন করা বাধ্যতামূলক।
স্থানীয় সরকার ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে সুজন সম্পাদক বলেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সম্পন্ন করা না হলে এবং নির্বাচন ছাড়াই বছরের পর বছর আমলা বা প্রশাসক দিয়ে এ ব্যবস্থা চালানো হলে তা সংবিধান পরিপন্থি হবে।
রাজনৈতিক দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে মানুষের ভোটাধিকার কীভাবে সংকটে পড়তে পারে, তা প্রতিবেশী দেশের অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেওয়া উচিত।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের সম্ভাবনা দিন দিন সংকুচিত হচ্ছে। এ অবস্থায় নাগরিক সমাজকে শুধু দর্শক না থেকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
জুলাই গণআন্দোলনের আকাঙ্ক্ষার প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, বর্তমান সংসদ সফল হোক। দেশের সাধারণ মানুষ যে আকাঙ্ক্ষা ও রক্তের বিনিময়ে জুলাই আন্দোলন করেছে, নতুন সংসদের মাধ্যমে সেই গণআকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন হোক।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন