সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর দুই দফা হামলার অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে প্রশ্ন রেখেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি জানতে চেয়েছেন, ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’
বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ প্রশ্ন তোলেন।
ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, “দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা সিলেটের পাঁচ মাইল বাজারে আমাদের ওপর আবার আক্রমণ করেছে।”
এর আগে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে বলে দলটির নেতারা জানান। পরে পাঁচ মাইল বাজার এলাকাতেও নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন সারজিস।
স্থানীয় সূত্রের ভাষ্য, বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শেষে সারজিস আলমকে বহনকারী গাড়ি এলাকা ছাড়ার সময় হামলার ঘটনা ঘটে। এতে গাড়িটির পেছনের কাচ ভেঙে যায়।
গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল।
হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন সারজিস আলম। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপি বা ছাত্রদলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে হবিগঞ্জেও এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল। এর ধারাবাহিকতায় সিলেটের গোলাপগঞ্জ ও পাঁচ মাইল বাজারে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন