বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর আয়োজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন, শুধু আয়োজনের জন্য বিপিএল করবেন না। প্রতিযোগিতাটি আয়োজন করা হলে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে যথাযথভাবেই করা হবে।
বিসিবির বোর্ড সভায় বিপিএল আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, “বিপিএল আমি কেবল করার জন্য করব না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা যদি সামনে বিপিএল করি, ভালোভাবে করব। যেভাবে করা দরকার, সেভাবেই করব।”
প্রতিটি আসরে নানা বিতর্ক ও ব্যবস্থাপনাগত সমস্যার কারণে বিপিএলের আগামী আসর আয়োজন নাও হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি বিসিবি।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তদারকির জন্য গঠিত একটি কমিটির চেয়ারম্যান হয়েছেন তামিম ইকবাল।
আইসিসির সভার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আইসিসির মিটিং ভালোই হয়েছে। ৯ জুলাই প্রথম অনানুষ্ঠানিক সভায় যোগ দিই। ১১ ও ১২ জুলাই দুই দিনের আনুষ্ঠানিক সভায় অংশ নিই। তারা আমাকে স্বাগত জানিয়েছে। আমি বক্তব্য দিয়েছি এবং যেখানে কথা বলা প্রয়োজন ছিল, সেখানে বলেছি।”
কমিটির চেয়ারম্যান হওয়ার বিষয়টিকে নিজের ও দেশের জন্য গর্বের বলে উল্লেখ করেন বিসিবি সভাপতি।
তামিম বলেন, “প্রথম দিনেই আমাকে একটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এটি আমার জন্য এবং দেশের জন্যও অনেক বড় গর্বের বিষয়।”
কমিটির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হচ্ছে। এসব লিগের পরিচালনাপদ্ধতি, প্রক্রিয়া এবং নিয়মবহির্ভূত কোনো কার্যক্রম হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য কমিটিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও এ কমিটি আলোচনা করবে এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়ার সুপারিশ করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন