আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চে বাধা দেওয়া হলে দ্বিগুণ শক্তি নিয়ে তা গন্তব্যে পৌঁছানো হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানান তিনি।
১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার পদে পদে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। গ্যাস ও বিদ্যুৎসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্রদলের বিরুদ্ধে হল দখলের চেষ্টার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, সংগঠনটি আবারও ছাত্রলীগের মতো আচরণ করছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হল দখলের পাঁয়তারা চালাচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন