অবশেষে সিনেমার পর্দায় আসছে বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। মঙ্গলবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার।
সেবা প্রকাশনীর ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে তৈরি পোস্টারটি প্রকাশের পর পাঠক ও ভক্তদের মধ্যে নস্টালজিয়া তৈরি হয়েছে। অনেকেই পুরোনো ‘মাসুদ রানা’ বইয়ের প্রচ্ছদের আবহ পোস্টারে খুঁজে পেয়েছেন।
পোস্টার প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় আসছে ‘মাসুদ রানা’। বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা চিরচেনা চরিত্রটি এবার বড় পর্দায় ফিরছে।
২০২০ সালে জাজ মাল্টিমিডিয়া জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি ‘মাসুদ রানা’ চরিত্র নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। এরপর ২০২৩ সালে ‘এমআর-৯: ডু অর ডাই’ মুক্তি পেলেও পরিচালক সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ নানা কারণে আটকে ছিল।
সব জটিলতা কাটিয়ে আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ। তিনি জানান, কাজী আনোয়ার হোসেন নিজেই সিনেমাটির চিত্রনাট্য অনুমোদন করেছিলেন।
প্রযোজকের দাবি, গল্পটি বড় পর্দায় তুলে ধরতে কোনো ধরনের কার্পণ্য করা হয়নি। এটি জাজ মাল্টিমিডিয়ার অন্যতম ব্যয়বহুল সিনেমা বলেও জানান তিনি।
ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বেশির ভাগ শুটিং প্রায় পাঁচ বছর আগেই শেষ হয়। তবে একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি থাকায় মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি সেই কাজও শেষ হয়েছে।
সিনেমাটিতে ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। এ ছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। আসন্ন কোরবানির ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন