সংসদীয় সহযোগিতা জোরদার এবং শিক্ষা, কৃষি ও বাণিজ্য খাতে অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
বুধবার ঢাকায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার মিল্টন ডিকের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে মিল্টন ডিক চলতি বছরের এপ্রিলে ঢাকা সফরকালে পাওয়া উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানান।
বৈঠকে উভয় পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারিত্ব এগিয়ে নিতে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সর্বোত্তম গণতান্ত্রিক চর্চা ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সংসদীয় দলগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বৈঠক বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতার প্রতিফলন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে উভয় দেশের গুরুত্বও এতে উঠে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন