বিশ্বকাপের শেষ-৩২ পর্বে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনহোস। তার দাবি, কার্লো আনচেলত্তির অধীনে প্রতিনিয়ত উন্নতি করছে ব্রাজিল এবং দলটি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
বাংলাদেশ সময় আজ রাতে হিউস্টনে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে।
গত অক্টোবরে এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। দক্ষিণ আমেরিকার দলটির বিপক্ষে সেটিই ছিল জাপানের প্রথম জয়। এরপর ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারানোয় এবারের বিশ্বকাপে সম্ভাব্য চমক দেখানো দলগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে জাপান।
তবে আগের হারের স্মৃতি নিয়ে চিন্তিত নন মারকুইনহোস। ৩২ বছর বয়সী পিএসজি ডিফেন্ডার মনে করেন, ওই ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে ব্রাজিল।
মারকুইনহোস বলেন, ‘আমি মনে করি, ওই ম্যাচটি আমাদের জন্য বড় একটি শেখার অভিজ্ঞতা ছিল। গত কয়েক বছরে আমরা যা কিছু পার করেছি, সবকিছুই আমাদের বিশ্বকাপের এই মুহূর্তে নিয়ে এসেছে। প্রতিটি অভিজ্ঞতাই আমাদের শেখার সুযোগ করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই ম্যাচটি ছিল আমাদের জন্য একটি পরীক্ষা। আমাদের কোচ সেখানে যা দেখার দরকার ছিল, তা দেখতে পেরেছেন। এরপর থেকে আমরা অনেক উন্নতি করেছি। দল হিসেবে অনেক বদলেছি এবং শেষ কয়েকটি ম্যাচে আরও পরিণত হয়েছি।’
অভিজ্ঞ ইতালীয় কোচ কার্লো আনচেলত্তির প্রশংসা করে মারকুইনহোস বলেন, অসংখ্য শিরোপাজয়ী এই কোচ দলে স্থিতিশীলতা ও কৌশলগত দক্ষতা এনে দিয়েছেন।
রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে একই ব্যবধানে ৩-০ গোলে হারায় সেলেসাওরা।
মারকুইনহোসের মতে, টুর্নামেন্ট যত এগোচ্ছে, ব্রাজিলও তত নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছে। মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষার পর দল আরও পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলাটা সব সময়ই গর্বের। শুরুতে আমরা একসঙ্গে ঠিকভাবে খেলতে পারছিলাম না। পরে কোচ যেসব পরিবর্তন করেছেন, সেগুলো দারুণ কাজে দিয়েছে।’
আনচেলত্তিকে ‘অত্যন্ত বুদ্ধিমান’ কোচ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, খেলোয়াড়দের কীভাবে আরও উন্নত করা যায়, তা ইতালীয় এই কোচ খুব ভালোভাবেই জানেন।
গত বছরের মে মাসে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার আগে ব্রাজিল দলে কিছুটা অস্থিরতা ছিল বলেও জানান মারকুইনহোস। তবে এখন সবকিছু সঠিক জায়গায় এসেছে বলে মনে করেন তিনি।
মারকুইনহোস বলেন, ‘আমরা জানি, আমাদের দলে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। পাশাপাশি আমাদের একজন অসাধারণ কোচও আছেন।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন