বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। চোটের কারণে ম্যাচটি খেলতে পারবেন না দলের মিডফিল্ডার লুকাস পাকেতা। এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল-নরওয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন পাকেতা, ফলে মাঝমাঠে তাকে পাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো তার ফেরার নির্দিষ্ট সময় জানায়নি। তবে দলীয় সূত্র অনুযায়ী, ব্রাজিল ফাইনালে না উঠলে এবারের বিশ্বকাপে আর তার খেলার সম্ভাবনা নেই।
এর আগে সেরা ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। সেই ম্যাচে কাসেমিরো ও ব্রুনো গিমারেসের সঙ্গে শুরুর একাদশে ছিলেন পাকেতা, তবে চোটের কারণে বিরতির পর আর মাঠে নামতে পারেননি।
তার অনুপস্থিতিতে কোচ কার্লো আনচেলত্তির সামনে একাধিক বিকল্প রয়েছে। দানিলো সান্তোসকে মাঝমাঠে নামানোর পাশাপাশি আক্রমণাত্মক কৌশলে এন্দ্রিক বা গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকেও সুযোগ দিতে পারেন তিনি।
এদিকে ঊরুর চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে রয়েছেন রাফিনিয়া। ব্যক্তিগত অনুশীলনে ফিরলেও নরওয়ের বিপক্ষে ম্যাচে তার মাঠে নামা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন