সংকটাপন্ন পাঁচ ব্যাংকের ৭৫ লাখ আমানতকারী তাদের আমানত সুদসহ ফেরত পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ জন্য কিছু সময় প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ করে বক্তব্য দেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তার বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
রেহানা আক্তার রানু বলেন, পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। পাঁচটি সংকটাপন্ন শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার প্রায় আট মাস পার হলেও গ্রাহকদের আমানত ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
তিনি বলেন, সীমিত পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হলেও বিপুল অঙ্কের আমানত কবে পুরোপুরি ফেরত দেওয়া সম্ভব হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। এতে প্রায় ৭৫ লাখ গ্রাহকের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।
রেহানা আক্তার রানু আরও বলেন, যারা জনগণের টাকা লুট করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে টাকা উদ্ধার করতে হবে এবং আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে।
জবাবে অর্থমন্ত্রী বলেন, “এটা একটি হৃদয়বিদারক ঘটনা। একটি নির্বাচিত সরকারের দায়িত্ব এর সঠিক সমাধান দেওয়া।”
তিনি বলেন, আমানতকারীদের আমানত সুদসহ ফেরত দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, কারণ সংশ্লিষ্ট ব্যাংকগুলো লোকসানে রয়েছে এবং প্রতিদিন লোকসান বাড়ছে।
অর্থমন্ত্রী বলেন, লোকসানি ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়ার পাশাপাশি সুদ দেওয়া কতটা কঠিন, সেটিও বিবেচনায় নিতে হবে। তারপরও নির্বাচিত সরকার হিসেবে জনগণের স্বার্থ সংরক্ষণে আমানত ও সুদ ফেরত দেওয়া হবে।
তিনি আরও বলেন, এই ব্যাংকগুলোর ক্ষেত্রে হেয়ার কাট থাকবে না। অর্থাৎ আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন এবং সুদসহ ফেরত পাবেন। তবে এর সমাধান মধ্যমেয়াদি থেকে দীর্ঘমেয়াদি হতে পারে।
আমানতকারীদের দুরবস্থার কথা তুলে ধরে রেহানা আক্তার রানু বলেন, অনেক মানুষের অপেক্ষা করার সময় নেই। কেউ চিকিৎসার খরচ জোগাতে পারছেন না, কেউ মেয়ের বিয়ে দিতে পারছেন না। তিনি আবারও দ্রুত আমানত ফেরত দেওয়ার অনুরোধ জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন