রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। ঘটনার পর ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে মিরপুর ১৩ নম্বর এলাকার ওপেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫)। তিনি মিরপুর ১৩ নম্বর এলাকায় বসবাস করতেন এবং কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। তার বাবার নাম মৃত শাহজাহান বেপারী। গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার সাকরাল এলাকায়।
আহতরা হলেন যুবদলের আরেক কর্মী মনির হোসেন (৩২) এবং কাঁচামাল বিক্রেতা সালাম সরদার (৪৫)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সময় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে ইউসুফ, মনির দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন যুবক সেখানে ঘোরাঘুরি করছিলেন।
তাদের সেখানে ঘোরাঘুরির কারণ জানতে চাইলে তারা হাফিজুল ইসলাম বাবুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে ইউসুফ, মনির ও পথচারী সালাম আহত হন।
পরে ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্র জানায়, ইউসুফের বুকে, মনিরের বাঁ পায়ে এবং সালামের মাথার ডান পাশে গুলি লেগেছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার জানান, হামলায় মোট চারজন অংশ নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ চঞ্চল নামের একজনকে আটক করা হয়েছে। অন্য তিনজনকে আটকের জন্য অভিযান চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন