সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না।’
সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, দেশে ফিরে আসার বার্তা দিয়ে নেতাকর্মীদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদের বের করবে, আর তারা গণপিটুনির শিকার হবে।’
শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, সংসদে ক্ষমা চাওয়ার পরও শিক্ষকদের বদলির মাধ্যমে প্রতিশোধ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও প্রশাসনের ব্যর্থতার দায় নিরীহ শিক্ষকদের ওপর চাপিয়ে তাদের অন্যত্র বদলি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
হাসনাত বলেন, ‘আমরা আপনার অতীত ও আপনার পরিবারের দুর্নীতির বিষয়ে জানি। নিজের সন্তানকে বিদেশে পড়াশোনা করিয়ে অন্যদের নেতাদের পেছনে রাজনীতি না করার পরামর্শ দেওয়া গ্রহণযোগ্য নয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, তার সম্পদের পরিমাণ আগের তুলনায় ২৫ গুণ বেড়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি নিরপেক্ষ রাজনীতির পরিবর্তে আওয়ামী লীগের মতো দখলভিত্তিক রাজনীতি করতে চায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের শাসনে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ সংস্কার চেয়েছিল। তবে নির্বাচন শেষে বিএনপি ও তাদের শরিকরা সেই সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি কয়েকটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিলেও গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন তা দেয়নি। বর্তমানে তারা বিএনপির সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে একই ধরনের অবস্থান নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। জনগণের সেই মতামত উপেক্ষা করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ক্ষমতায় থাকতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দখলদারিত্বের রাজনীতি জনগণ মেনে নেবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমাদ।
সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গায় পদযাত্রা শেষে এনসিপির গাড়িবহর মেহেরপুরের গাংনীতে পৌঁছায়। পুলিশি নিরাপত্তায় সমাবেশ শেষে নেতারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন