এক বছরের বিজ্ঞাপনী চুক্তি বা ব্র্যান্ড এনডোর্সমেন্টের কথা বলে কার্যালয়ে ডেকে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন ‘প্রেশার কুকার’ সিনেমার অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। শুক্রবার (২৪ জুলাই) রাতে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন তিনি।
স্নিগ্ধার ভাষ্য অনুযায়ী, ‘ইমন’ নামের এক ব্যক্তি তাকে আশিয়ান গ্রুপের কার্যালয়ে নিয়ে যান। এ সময় তার মা-ও সঙ্গে ছিলেন। প্রাথমিক আলোচনা শেষে তার মা চলে যাওয়ার পর তাকে একটি আলাদা কক্ষে নেওয়া হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী।
স্নিগ্ধার দাবি, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামের অন্য এক নারী ভেবে ভুল করেন। ওই নারী তার সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন—এমন ধারণা থেকে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে জানান অভিনেত্রী।
তিনি অভিযোগ করেন, পরিস্থিতি পরিষ্কার করার পরিবর্তে ইমন তাকে ওই নারীর পরিচয় মেনে নেওয়ার ইঙ্গিত দেন। এরপর কক্ষ থেকে অন্যদের বের করে দিয়ে তার হাত-পা বেঁধে ফোন ছুড়ে ফেলা হয় এবং শারীরিক নির্যাতন চালানো হয়।
স্নিগ্ধা বলেন, “আমি ওই কক্ষে একা ছিলাম। সবাইকে বের করে দিয়ে আমার হাত-পা বেঁধে ফেলা হয়। ফোন ছুড়ে ফেলে আমার গলা চেপে ধরা হয়।”
অভিনেত্রীর আরও অভিযোগ, তার চুল ধরে টানা, শরীরের বিভিন্ন স্থানে লাথি মারা এবং গরম কফি ঢেলে দেওয়া হয়। এ ছাড়া ছুরি দিয়ে মুখ কেটে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
নির্যাতনের সময় তাকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম উল্লেখ করে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন স্নিগ্ধা। তবে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি।
অভিনেত্রী জানান, আঘাতের কারণে তার শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে। কোনো অপরাধ না করেও অন্য একজনের সঙ্গে ভুল করে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় বিচার চেয়ে শুক্রবার রাতেই খিলক্ষেত থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছেন স্নিগ্ধা চৌধুরী। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন