পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে ভারত ক্রমবর্ধমানভাবে গোপন কৌশল ও ‘প্রক্সি বাহিনী’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
করাচির পাকিস্তান নেভাল একাডেমিতে আয়োজিত পাসিং আউট প্যারেডে দেওয়া ভাষণে তিনি এ অভিযোগ করেন। শত্রুদের পরিকল্পনা নস্যাৎ করতে পাকিস্তানের জনগণ দৃঢ়প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।
শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান সংঘাত ও বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তার দাবি, গত বছরের মে মাসে পাল্টা আঘাতের মুখে পড়ার পর দেশটির পূর্বাঞ্চলীয় প্রতিবেশী পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করছে।
তিনি বলেন, “তারা ক্রমবর্ধমানভাবে গোপন কৌশল ও প্রক্সি বাহিনী ব্যবহার করছে।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও দাবি করেন, দেশটির সশস্ত্র বাহিনী পশ্চিম সীমান্ত থেকে উদ্ভূত বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করছে। এ পরিস্থিতিতে পাকিস্তানের জনগণ সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে বলেও জানান তিনি।
শাহবাজ বলেন, “আমাদের শত্রুদের ঘৃণ্য পরিকল্পনা পরাজিত করতে পুরো দেশ ইস্পাত-কঠিন সংকল্পে অটল রয়েছে। একই সঙ্গে সব অমীমাংসিত বিরোধ নিষ্পত্তিতে শান্তি, সংলাপ ও কূটনীতির পথ অনুসরণ করা হচ্ছে।”
কাশ্মীর, গাজা ও ফিলিস্তিনের জনগণের অধিকারের পক্ষে পাকিস্তান কথা বলা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন