স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইওএমের সঙ্গে বাংলাদেশের দুই দশকের অংশীদারত্ব আরও জোরদার, মানবপাচারবিরোধী কার্যক্রম শক্তিশালী করা, সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় আইওএমের মিশন প্রধান জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন। এ উপলক্ষে ৪ আগস্ট ইউএন হাউস বাংলাদেশে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত মিশন প্রধানকে বাংলাদেশে স্বাগত জানান। মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের যৌথ উদ্যোগে প্রণীত ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা’ কৌশলের জাতীয় বৈধকরণ কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করা হয়।
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করে আইওএম।
মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা এবং আইওএমের কারিগরি সহায়তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। সংস্থাটির পক্ষ থেকে নীতি সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক তহবিল সংগ্রহে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।
আইওএমের বাংলাদেশ মিশন প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ড. লরা টম-বন্ডের এটিই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং আইওএমের ন্যাশনাল কনসালট্যান্ট (গভর্নমেন্ট) ড. এস এম মোরশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন