চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে তাঁরা সায়েন্স ল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন।
এর আগে বেলা আড়াইটার দিকে কয়েক শ শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টার অবরোধে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্স ল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে আটকে থাকা যানবাহন ধীরে ধীরে চলাচল শুরু করে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন বলেন, বেলা আড়াইটার দিকে কয়েক শ শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে এসে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে তাঁরা সচিবালয়ের উদ্দেশে রওনা হন।
অন্যদিকে বেলা ১টার পর রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেন। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সায়েন্স ল্যাব, উত্তরা ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল ব্যাহত হয়ে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার প্রতিবাদে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে—এমন অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছেন তাঁরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন