আজ পহেলা মে, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটি কেবল একটি দিবস নয়, বরং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য রক্তঝরা সংগ্রামের এক গৌরবময় স্মারক। বিশ্বের বহু দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। শ্রমিক শ্রেণির আত্মত্যাগ, অধিকার আদায়ের আন্দোলন এবং মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ের দিন হিসেবে মে দিবসের গুরুত্ব অপরিসীম।
১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। সে সময় শ্রমিকদের ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হতো। শ্রমিকদের ন্যায্য দাবিকে দমন করতে গিয়ে সংঘটিত হয় ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা, যা ইতিহাসে ‘হে মার্কেট ট্র্যাজেডি’ নামে পরিচিত। এই আত্মত্যাগের স্মরণে পরবর্তীতে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে।
বর্তমান বিশ্বে শিল্প, কৃষি, নির্মাণ, পরিবহন, গার্মেন্টস ও সেবা খাতসহ প্রতিটি ক্ষেত্রে শ্রমিক শ্রেণিই অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের নিরলস পরিশ্রমে সভ্যতার চাকা সচল থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত।
বাংলাদেশের উন্নয়নযাত্রায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে—দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পে শ্রমিকদের শ্রম ও ত্যাগ জড়িয়ে আছে। তবুও দেশের শ্রমজীবী মানুষের একটি বড় অংশ এখনও নিম্ন মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক বৈষম্যের শিকার।
বিশেষ করে চা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন খাতের কর্মীরা তুলনামূলক কম মজুরিতে অধিক শ্রম দিয়ে যাচ্ছেন। নারী শ্রমিকরা এখনও অনেক ক্ষেত্রে পুরুষের তুলনায় কম মজুরি পান। কর্মক্ষেত্রে দুর্ঘটনা, স্বাস্থ্যঝুঁকি এবং ভবিষ্যৎ নিরাপত্তাহীনতা তাদের জীবনের নিত্যসঙ্গী। রানা প্লাজা দুর্ঘটনা বাংলাদেশের শ্রম খাতের এক নির্মম বাস্তবতার প্রতীক, যেখানে হাজারো শ্রমিক প্রাণ হারিয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অনেক সময় সাময়িক সহায়তা পেলেও দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত হয়নি।
মে দিবস আমাদের মনে করিয়ে দেয়—শ্রমিকের অধিকার রক্ষা শুধু আনুষ্ঠানিকতার বিষয় নয়, এটি রাষ্ট্র, মালিকপক্ষ ও সমাজের যৌথ দায়িত্ব। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, ৮ ঘণ্টা কর্মদিবস বাস্তবায়ন, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা, স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ কাজে প্রশিক্ষণ ও সুরক্ষা প্রদান, এবং নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করাই হওয়া উচিত এই দিবসের মূল প্রতিজ্ঞা।
শ্রমিক-মালিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, শ্রমিকবান্ধব নীতি এবং কার্যকর আইন প্রয়োগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই মহান মে দিবস হোক শুধু শোভাযাত্রা বা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের বাস্তব পদক্ষেপ গ্রহণের দিন।
শ্রমিকের ঘামেই গড়ে ওঠে সভ্যতা—তাদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই হোক মহান মে দিবসের প্রকৃত অঙ্গীকার।
সিনান মোর্শেদ সম্পদ,
শিক্ষার্থী,
সরকারি তিতুমীর কলেজ৷
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন