যশোরের শার্শা উপজেলার বাইকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ফুলসুরাত ফাউন্ডেশন।
‘শিক্ষা হোক সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে শিক্ষা সহায়তা কর্মসূচি-২০২৬-এর দশম দিনের আয়োজনে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম ও স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহ ও সহায়তা দিতে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাইকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপকরণ বিতরণের মধ্য দিয়ে শার্শা উপজেলার মোট ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হলো।
ফুলসুরাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ শফিক বলেন, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। এই বিশ্বাস থেকেই ফাউন্ডেশন শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।
কর্মসূচি পরিচালনা করেন ফুলসুরাত ফাউন্ডেশনের প্রতিনিধি মো. ওয়ায়েস উল কাদির পরশ এবং প্রভাষক আবু হাসান। তাদের সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধানে আয়োজনটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাইকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্কুল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, একটি খাতা, কলম কিংবা স্কুলব্যাগ শুধু শিক্ষা উপকরণ নয়; এগুলো অনেক শিশুর আত্মবিশ্বাস, শেখার আগ্রহ এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
ফুলসুরাত ফাউন্ডেশন ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন