বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে গঠিত অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়াসহ সাত আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।
রিটে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির অ্যাডহক কমিটিকে অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে কমিটি গঠনে জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতার ওপর স্থগিতাদেশও চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
আবেদনে বলা হয়, সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলের একটি চিঠির পরিপ্রেক্ষিতে বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট হলে নির্বাচন স্থগিত হয়। পরে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করলে গত ৬ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
রিট আবেদনে আরও বলা হয়, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, একজন বিচারপতির নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে নির্বাচনটি ‘ত্রুটিপূর্ণ’ প্রমাণিত হয়েছে। এ যুক্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী নির্বাচিত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়।
রিটকারী আইনজীবীদের দাবি, জাতীয় ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি এবং স্বাভাবিক ন্যায়বিচারের নীতিমালার লঙ্ঘন। এ কারণে তারা অ্যাডহক কমিটি গঠনের প্রজ্ঞাপন স্থগিত ও কমিটিকে অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন